মতামত :
¦
¦
আবারো সেরা মেসিক্রীড়া ডেস্ক স্প্যানিশ লা লিগার চলতি আসরের শিরোপা লড়াইটা বলতে গেলে একতরফাই হয়েছে। চার ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়েছিল বার্সেলোনা। দলীয় লড়াইয়ের বাইরে ব্যক্তিগত দ্বৈরথেও খুব একটা পার্থক্য দেখা দেয়নি। বিগত কয়েকটি আসরের মতো এবারো নিজের একক আধিপত্য ধরে রেখেছেন লিওনেল মেসি। লিগের চলতি আসরে আবারো সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন এই তারকা। বুধবার ফুটবল ওয়েবসাইট গোলডটকম এমনটাই নিশ্চিত করেছে।
স্প্যানিশ লিগের সবচেয়ে পরিচিত দৃশ্য ছিল মেসির রেকর্ড আর গোলের ধারা অব্যাহত রাখা। টানা চারবারের বিশ্বসেরার গোল আর কাতালানদের জয়ও ছিল প্রায় একই সুতোয় গাঁথা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছ থেকে শিরোপা উদ্ধার করতে আর্জেন্টাইন প্লে-মেকার বিরাট ভূমিকা পালন করেছেন। তার গোল শুধু দলকেই সাফল্য এনে দেয়নি; বরং নিজেকেও নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। লিগের প্রত্যেক প্রতিদ্বন্দ্বীর জালে বল জড়ানো এবং টানা ২১ ম্যাচে গোল করেছেন তিনি। লিগে মোট ৪৬ গোল করেই সন্তুষ্ট থাকতে হলো কাতালান এই নয়নমণিকে। কেননা, ইনজুরির কারণে শেষ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি তিনি। আর খেলতে পারলে সন্দেহাতীতভাবেই বলা যায়, চলতি মৌসুমে তার অর্জনের ভা-ারটা আরো সমৃদ্ধ হতো।
শুধু নিজে গোল করেই ক্ষ্যান্ত হননি মেসি, সতীর্থদের করা ১২টি গোলের কারিগর ছিলেন তিনি। আর ৪টি নিশানাভেদ করতে পারলে নিজের আগের মৌসুমে গড়া সর্বোচ্চ গোলের (৫০) রেকর্ডটি স্পর্শ করতে পারতেন এই ফুটবল জাদুকর। পক্ষান্তরে, মেসির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনালদো শুরুর দিকে কিছুটা লড়াই করলেও পরে আর তা পারেননি। পর্তুগিজ উইঙ্গারের চেয়ে ১২ গোল ব্যবধানে এগিয়ে থেকে সর্বোচ্চ গোলের তকমাটাও উঠতে যাচ্ছে তার হাতে। আর এই অসাধারণ নৈপুণ্যের জন্য লা লিগার মৌসুম সেরা খেলোয়াড় নির্বাচিত হন মেসি। আর সেরা আক্রমণকারী হিসেবেও ২৬ বছর বয়সী বিশ্বনন্দিত এই তারকার নাম ওঠে আসে। বার্সার প্রাণভোমরার সঙ্গে জুটি আন্দ্রেস ইনিয়েস্তার। ইউরোর বর্ষসেরা এই খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিগের সেরা মিডফিল্ডার হিসেবে। বিশ্ব ও ইউরো জয়ী এই স্প্যানিশ তারকা চলতি আসরে নিজে মাত্র ২টি গোল করলেও ১৫টি করিয়েছেন সতীর্থদের দিয়ে। যা কাতালানদের শিরোপা উদ্ধারের পথচলাকে অনেকটাই সুগম করেছিল। তবে বার্সার জন্য একটি দুর্ভাগ্যও আছে। মৌসুমের ক্লাব বদলি সবচেয়ে বাজে খেলোয়াড় হিসেবে অ্যালেক্স সংকেই আখ্যায়িত করা হয়েছে। আর্সেনাল থেকে সং কাতালান ক্লাবটিতে যোগ দেন।
রোনালদো সেরা খেলোয়াড় হতে না পারলেও তার ক্লাব সতীর্থ সার্জিও রামোস নির্বাচিত হয়েছেন মৌসুমের সেরা ডিফেন্ডার। এল ক্লাসিকোতে সাফল্য এবং ইকার ক্যাসিয়াস বিহীন দলের রক্ষণভাগকে দারুণভাবে আগলে রেখেছিলেন স্প্যানিশ এই খেলোয়াড়। তার এই অসামান্য নৈপুণ্যই তাকে সেরা ডিফেন্ডারের মুকুটটি এনে দিয়েছে। লিগের সেরাদের কাতারে আছেন রামোসের সতীর্থ ডিফেন্ডার রাফায়েল ভারানেও। সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত করা হয়েছে এই ফ্রেঞ্চম্যানকে। অধিনায়ক রামোসের সঙ্গে প্রতিপক্ষের বাধার প্রাচীর হয়ে দাঁড়াতে নিজেকে দারুণভাবেই প্রমাণ করেন ভারানে। তবে রিয়ালের ভারানে-রামোস মুদ্রার এক পিঠ দেখালেও উল্টোটা দেখিয়েছেন হোসে কলিজন। মৌসুমের সবচেয়ে বাজে খেলোয়াড় তিনিই। এদিকে, এবার আর সেরা গোলরক্ষকের মুকুটটি উঠল না ক্যাসিয়াসের হাতে। মরিনহোর একাদশে তার নিয়মিত ঠাঁই না পাওয়া এবং ভিক্টর ভালদেসের নড়চড়ে গোলপোস্টের জন্য সেরা গোলরক্ষক হয়েছেন মালাগার উইলি ক্যাবারো।
এদিকে, সেরা খেলোয়াড়দের মতো ঘোষিত হয়েছে সেরা কোচের নামও। সেখানে হোসে মরিনহো ও টিটো ভিলানোভাকে ছাপিয়ে মৌসুমের সেরা কোচ হয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের বস দিয়েগো সিমন। লিগে দলকে দারুণভাবে ফুটিয়ে তোলা, চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত করা এবং রেড হোয়াইটদের ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কোপা ডেলরের শিরোপা উপহার দেয়ায় সেরা কোচের পুরস্কারটা উঠেছে এই আর্জেন্টাইনের হাতে।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিএনপি সংসদে গিয়ে নির্বাচনকালীন সরকারের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin