পূর্ববর্তী সংবাদ
মতামত :
¦
¦
পোল্ট্রি উন্নয়ন বোর্ড গঠন করবে সরকারযাযাদি রিপোর্ট উন্নত প্রোটিন সরবরাহ এবং কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জনের লক্ষ্যে মৎস্য উন্নয়ন বোর্ডের আদলে পোল্ট্রি উন্নয়ন বোর্ড গঠনের ঘোষণা দিয়েছেন প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস। এর পাশাপাশি আগামী সেপ্টেম্বরে জাতীয়ভাবে পোল্ট্রি সপ্তাহ উদযাপন এবং আইন অমান্যকারী বিদেশি কোম্পানিগুলোকে জবাবদিহিতার আওতায় আনার ঘোষণা দিয়েছেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় রূপসী বাংলা হোটেলে পোল্ট্রি-বিষয়ক জাতীয় সমন্বয় কমিটি (বিপিআইসিসি)-এর আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মন্ত্রী বিশ্বাস এ ঘোষণা দেন। পোল্ট্রি শিল্পের চলমান সংকট নিরসন, বার্ড ফ্লুর প্রকোপ ও কাঁচামালের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, বিদেশি কোম্পানি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য দমন, সর্বোপরি এ শিল্পকে আত্মনির্ভরশীল করতে পোল্ট্রি শিল্পের নেতারা সভায় ১১ দফা সংবলিত দাবি উপস্থাপন করেন।
অনুষ্ঠানের সভাপতি বিপিআইসিসির আহ্বায়ক মশিউর রহমান বলেন, বিশ্বব্যাপী বার্ড ফ্লুর কারণে খাদ্য ও জনস্বাস্থ্যের নিরাপত্তায় যে হুমকি তৈরি হয়েছে তা থেকে পরিত্রাণ পেতে ওয়েট মার্কেট অর্থাৎ জীবিত মুরগি বিক্রি ক্রমান্বয়ে কমিয়ে আনতে হবে। তিনি জানান, বাজার মূল্য কম থাকায় উৎপাদন খরচের চেয়েও কম মূল্যে মুরগির বাচ্চা বিক্রি করতে হচ্ছে। তা ছাড়া সরকার-নির্ধারিত মূল্যও বর্তমান উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই তা পুনর্নির্ধারণ করা প্রয়োজন। মশিউর বলেন, সর্বোচ্চ সাত দিনের মধ্যে এক দিন বয়সী জিপি এবং পিএস বাচ্চা আমদানির অনুমতিপত্র দেয়ার কথা থাকলেও তা পেতে ৪০-৪৫ দিন লাগছে। এতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএবি)-এর মহাসচিব সাইদুর রহমান বাবু বলেন, আমদানিকৃত মালামাল খালাসের জন্য চট্টগ্রাম ভেটেরিনারি ল্যাব থেকে টেস্টিং রিপোর্ট পেতেও দীর্ঘ সময় ব্যয় হচ্ছে। এ জটিলতায় হাজার হাজার টন পোল্ট্রি কাঁচামাল বন্দরে আটকা পড়ে নষ্ট হচ্ছে।
ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ফিআব)-এর সাধারণ সম্পাদক ফজলে রহিম খান শাহ্রিয়ার বলেন, ফিড ইন্ডাস্ট্রির জন্য সরকারের দেয়া সুযোগ-সুবিধা ভোগ করতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অবশ্যই ফিআবের সদস্য হতে হবে। তিনি বলেন, সরকারের অনুমোদন না নিয়েই বিদেশি কোম্পানিগুলো কমার্শিয়াল মুরগির খামার এবং ফিড মিল স্থাপন করছে। পোল্ট্রি শিল্পের নেতারা বলেন, বিদেশি কোম্পানি বিশেষ করে সিপি নামক কোম্পানির আগ্রাসনে দেশীয় কোম্পানিগুলো বিশেষ করে প্রান্তিক খামারিদের পথে বসার জোগাড় হয়েছে।
কাজী ফার্মস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান বলেন, দেশীয় শিল্প সংরক্ষণের স্বার্থে বিদেশি কোম্পানিগুলো সর্বোচ্চ কী পরিমাণ উৎপাদন করতে পারবে তার সীমা নির্ধারণ করা প্রয়োজন। সে ক্ষেত্রে মোট বাচ্চা উৎপাদনের সর্বোচ্চ ১৫-২০ শতাংশ বিদেশি কোম্পানির জন্য সিলিং করে দেয়ার প্রস্তাব রাখেন তিনি। দেশি-বিদেশি যৌথ অংশীদারিত্বের ক্ষেত্রে মালিকানার নূ্যনতম অনুপাত ৫১ঃ৪৯ হওয়া উচিত বলে মন্তব্য করেন কাজী জাহেদুল হাসান।
এনিম্যাল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব)-এর মহাসচিব ডা. এম. নজরুল ইসলাম পোল্ট্রি মেডিসিন আমদানিতে জটিলতা, ওষুধ প্রশাসনে ভেটেরিনারি ড্রাগ সেল চালু করা এবং জীবাণুনাশক আমদানি সহজীকরণ করতে সরকারের প্রতি অনুরোধ জানান। ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ শাখার সম্পাদক রফিকুল হক ভেটেরিনারির জন্য পৃথক ড্রাগ পলিসি তৈরির প্রস্তাব উত্থাপন করেন।
প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্ত বিপিআইসিসির দাবিগুলো আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে উপস্থাপন করার আশ্বাস দেন। মতবিনিময় সভায় উপস্থিত প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা সম্প্রতি গাজীপুর ও কিশোরগঞ্জের বাজিতপুরে পরীক্ষামূলকভাবে পরিচালিত বার্ড ফ্লুর ভ্যাকসিন কার্যক্রমের সফলতার উল্লেখ করেন। মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস ভ্যাকসিন কার্যক্রমকে অন্যান্য জেলায় সম্প্রসারিত করার ঘোষণা এবং নিবন্ধন প্রক্রিয়া শুরু করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন। বিশ্বাস বলেন, সরকার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে কাজ করছে। তবে যেসব বিদেশি কোম্পানি সরকারি আইন অমান্য করছে তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা হবে।
 
পূর্ববর্তী সংবাদ
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নসংলাপে তৃতীয় পক্ষে মধ্যস্থতার দরকার নেই_ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডবিস্নউ মজিনার এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin