রোববার, মে, ২৬, ২০১৩: জ্যৈষ্ঠ ১২, ১৪২০ বঙ্গাব্দ: ১৫ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৪৩ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমের
পাঠ্যক্রম ও নাম্বার বণ্টনতথ্য ও যোগাযোগ প্রযুক্তি নামে ১০০ নাম্বারের আবশ্যিক বিষয় সংযোজন করা হয়েছে সব বিভাগেএম মামুন হোসেন শিক্ষার মান বৃদ্ধি ও তথ্যপ্রযুক্তি জ্ঞান বাড়ানোর জন্য একাদশ শ্রেণিতে নতুন পাঠ্যক্রম যুক্ত হচ্ছে। তাই এ শ্রেণির পাঠ্যক্রম এ বছর থেকেই বদলে যাচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নামে ১০০ নাম্বারের আবশ্যিক বিষয় সংযোজন করা হয়েছে সব বিভাগে। এর ফলে বদলে যাবে একাদশ শ্রেণির পাঠ্যক্রম ও পরীক্ষার নাম্বার বণ্টন। একাদশ শ্রেণির পাঠ্যক্রম এক হাজার ২শ নাম্বারের পরিবর্তে এক হাজার ৩শ নাম্বার করা হয়েছে। এবারের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা নতুন পাঠ্যক্রমে আগামী ২০১৫ সালে এইচএসসি পরীক্ষায় অংশ নেবে।চলতি বছরের একাদশ শ্রেণিতে পাঠ্যক্রম বাড়ানোর পাশাপাশি একটি বিভাগও বাড়ানো হয়েছে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের মতো 'ইসলাম শিক্ষা' নামে সাধারণ শিক্ষায় নতুন বিভাগ সংযোজন করা হয়েছে। এ বিভাগ নিয়ে একাদশ শ্রেণিতে মোট বিভাগ দাঁড়িয়েছে পাঁচটি। বাকি দুটি বিভাগ হচ্ছে সঙ্গীত ও গার্হস্থ্য অর্থনীতি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জারি করা শিক্ষাক্রম-২০১২-এর নির্দেশনা অনুসারে এসব তথ্য জানা গেছে। এনসিটিবির নির্দেশনায় বলা হয়েছে, ২০১৩-১৪ শিক্ষাবর্ষ হতে উচ্চ মাধ্যমিক শ্রেণির জন্য উন্নয়নকৃত 'জাতীয় শিক্ষাক্রম-২০১২' নির্দেশনা অনুসারে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। এর আলোকে ২০১৫ সাল থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাধারণ আটটি বোর্ডের এইচএসএসি শিক্ষার্থীদের সব বিষয়ে দুই পত্র থাকবে এবং পূর্ণ নাম্বার হবে ২০০। তবে শুধু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে একটি পত্র থাকবে। যার পূর্ণ নাম্বার হবে ১০০। বাংলা ও ইংরেজি ২০০ নাম্বার করে ৪০০ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ১০০ মিলে মোট ৫০০ নাম্বারের আবশ্যিক বিষয় সব শাখার প্রতিটি শিক্ষার্থীকে পড়তে হবে। শিক্ষার্থীরা এক হাজার ৩০০ নাম্বারের পরীক্ষায় অংশ নেবে। বর্তমানে এক হাজার ২০০ নাম্বারের পরীক্ষায় অংশ নিতে হয়। সব বিষয়ের সাপ্তাহিক পিরিয়ড (ক্লাস) থাকবে ৫টি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সাপ্তাহিক পিরিয়ড থাকবে তিনটি। প্রতিটি ক্লাসের সময় থাকবে ৬০ মিনিট। এনসিটিবি সূত্রে জানা গেছে, শিক্ষানীতির আলোকে নতুন পাঠ্যক্রমে উচ্চ মাধ্যমিকে ৩৫টি বই প্রবর্তন করা হবে। এর মধ্যে দুটি একেবারেই নতুন পাঠ্য হবে। এগুলো হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি এবং ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা। সিলেবাস থেকে বাদ দেয়া সাচিবিক বিদ্যা ফিরিয়ে আনা হয়েছে। বাকি বিষয়গুলোর মধ্যে বাংলা ও ইংরেজি চারটি পত্র। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, পরিসংখ্যান, মৃত্তিকা বিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, ইসলাম শিক্ষা, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, শিশুর বিকাশ, খাদ্য ও পুষ্টি, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন, লঘু সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত, কৃষিশিক্ষা, মনোবিজ্ঞান, গার্হস্থ্য বিজ্ঞান, শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ। বিজ্ঞান বিভাগ : চলতি শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীর বাংলা ও ইংরেজি ২০০ নাম্বার করে ৪০০ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ১০০ মিলে মোট ৫০০ নাম্বারের আবশ্যিক বিষয় থাকছে। এ ছাড়া এ বিভাগভিত্তিক আবশ্যিক বিষয় হিসেবে থাকছে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত অথবা জীববিজ্ঞান। এ ছাড়া চতুর্থ (ঐচ্ছিক) বিষয় হিসেবে জীববিজ্ঞান, উচ্চতর গণিত, কৃষিশিক্ষা, ভূগোল, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, মৃত্তিকাবিজ্ঞান, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস এবং ক্রীড়া বিষয়ের যে কোনো একটি নেয়া যাবে। মানবিক বিভাগ : আবশ্যিক ৫০০ নাম্বারের পাশাপাশি বিভাগভিত্তিক আবশ্যিক বিষয় হিসেবে ইতিহাস অথবা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের মধ্যে থেকে একটি, পৌরনীতি, সুশাসন অর্থনীতি ও যুক্তিবিদ্যা বিষয়ের মধ্যে থেকে একটি এবং সমাজবিজ্ঞান, সমাজকর্ম ও ভূগোল বিষয়ের মধ্যে থেকে একটি করে মোট তিনটি বিষয় নিতে হবে। চতুর্থ বিষয় হিসেবে রয়েছে পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, ভূগোল, যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ইসলাম শিক্ষা, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, নৃবিজ্ঞান, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, চারু ও কারুকলা, নাট্যকলা, সমরবিদ্যা, আরবি বা পালি বা সংস্কৃতি এবং ক্রীড়া। ব্যবসায় শিক্ষা বিভাগ : আবশ্যিক ৫০০ নাম্বারের সঙ্গে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান ও ফিন্যান্স ব্যাংকিং এবং বীমা অথবা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এই তিনটি আবশ্যিক বিষয় রয়েছে। চতুর্থ বিষয় হিসেবে নেয়া যাবে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, মানবসম্পদ, পরিসংখ্যান, ভূগোল, অর্থনীতি, কৃষিশিক্ষা ও গার্হস্থ্য অর্থনীতি। তবে অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল বিষয়টি উঠিয়ে দেয়া হয়েছে। এ ছাড়া সাচিবিক বিদ্যা ও অফিস ব্যবস্থাপনা বিষয়টি ২০১৫-১৬ শিক্ষাবর্ষের পর আর থাকছে না বলে উল্লেখ করা হয়েছে এনসিটিবির আদেশে। ইসলাম শিক্ষা বিভাগ : চলতি বছর থেকে নতুন বিভাগ হিসেবে ইসলাম শিক্ষা চালু হচ্ছে। এ শাখায় আবশ্যিক ৫০০ নাম্বারের সঙ্গে ইসলাম শিক্ষা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং আরবি এই তিন বিষয়ে ৩০০ নাম্বার শাখাভিত্তিক আবশ্যিক থাকছে। এ ছাড়া সমাজবিজ্ঞান, সমাজকর্ম, কৃষিশিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, মনোবিজ্ঞান, যুক্তিবিদ্যা, ভূগোল ও অর্থনীতি বিষয়ের মধ্যে থেকে যে কোনো একটি ২০০ নাম্বারের চতুর্থ বিষয় হিসেবে নেয়া যাবে। গার্হস্থ্য বিজ্ঞান ও সঙ্গীত এই দুটি শাখার পাঠ্যক্রম অপরিবর্তিত রয়েছে। এ প্রসঙ্গে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক শফিকুর রহমান বলেন, এইচএসসিতে ইসলাম শিক্ষা শাখা অন্তর্ভুক্ত করাসহ পাঠ্যক্রমে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। শিক্ষার মান বৃদ্ধি ও প্রযুক্তি জ্ঞান বাড়ানোর জন্য একাদশ শ্রেণিতে নতুন পাঠ্যক্রম যুক্ত হচ্ছে। ৫টি শাখার শিক্ষার্থীদের আবশ্যিক বিষয় হবে বাংলা, ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তবে সব বিষয়ে প্রথম ও দ্বিতীয়পত্র থাকলেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে শুধু একটি পত্রই থাকছে। একই সঙ্গে ইসলাম শিক্ষাকে গুরুত্ব দিতেই সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চলতি শিক্ষাবর্ষ থেকে ইসলাম শিক্ষা বিভাগ খোলা হয়েছে। উল্লেখ্য, দেশের সব সরকারি-বেসরকারি কলেজে গত ১৮ মে থেকে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি কার্ক্রম শুরু হয়েছে। আগামী ১ জুলাই থেকে কলেজগুলোতে ক্লাস শুরু হবে। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ৯ লাখ ৮৭ হাজার ৪১৭ জন অংশ নিয়ে ৮ লাখ ৮৫ হাজার ৮৯১ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ১ লাখ ৯৭ হাজার ১৯৯ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৭১ হাজার ৬৮৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
প্রথম পাতা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননারীরাই বাংলাদেশের সমাজকে বদলে দিয়েছে_ নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের এই বক্তব্য আপনি
সমর্থন করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল |